সারাদেশ
পরকীয়ার প্রতিবাদ করায় মারধর, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার এবং পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্বামী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা সাগর আহমেদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। দাম্পত্য জীবন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ লিখিত বক্তব্যে সাগর আহমেদ জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে পাশ্ববর্তী এলাকার মিতু আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে বর্তমানে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর স্ত্রীকে তিনি নিজের উপার্জিত অর্থ ব্যয় করে ডিগ্রি পাশ করান।
পরবর্তীতে শাশুড়ির ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংসারের প্রয়োজনে স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দেন। স্ত্রীর পছন্দ অনুযায়ী তাকে আম্বালা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চাকরিতে যোগদানের পর একই প্রতিষ্ঠানে কর্মরত রিয়াদ হোসেনের সঙ্গে স্ত্রীর অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন সাগর আহমেদ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে উল্টো তার ওপর নেমে আসে নির্যাতন।
তিনি অভিযোগ করেন, “প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে আমার স্ত্রী কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে সাগর আহমেদ আরও দাবি করেন, পরকীয়ার বিষয়টি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে জানালে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো তিনি লোকজন নিয়ে তাকে মারধর করেন। এরপর প্রতিষ্ঠানটির কাছে দুই দফা লিখিত অভিযোগ দিলেও কোনো সাড়া পাননি। বরং অভিযোগ করার পর থেকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে নিয়মিত হুমকি পাচ্ছেন বলেও জানান তিনি।
ভুক্তভোগী স্বামী বলেন, “আমাকে মারধর করা হয়েছে, আমার তিন বছরের শিশুকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে তার বিচার চাই। বর্তমানে আমি প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাগর আহমেদ বলেন, সমাজে তার মতো অসংখ্য মানুষ পরকীয়াজনিত নির্যাতনের শিকার হলেও সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলতে পারেন না। নারী-পুরুষ নির্বিশেষে পরকীয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রণয়নের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর তিন বছর বয়সী ছেলে সন্তান, ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশী রাসেল আহমেদ ও মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সর্বশেষ