সারাদেশ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদক-জুয়া বিরোধী শপথ

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সমাজসেবক মাহফুজুল ইসলাম ভুঁইয়া মামুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩২০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার ও কাটার তুলে দেওয়া হয়।

জানা যায়, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষ থেকে এসব শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে মাদক, জুয়া ও চাঁদাবাজি বিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আঠারবাড়ী ইউনিয়নের শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, শ্রী শ্রী শিববাড়ি মন্দির, শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী দাশপাড়া মন্দির ও শ্রী শ্রী রাজিবপুর মন্দির সংলগ্ন এলাকার শিক্ষার্থীরা এ উপকরণ পায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজক মাহফুজুল ইসলাম ভুঁইয়া মামুন বলেন, “একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়াই আমাদের লক্ষ্য। সে উদ্দেশ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুল ইসলাম ভুঁইয়া মামুন দীর্ঘদিন ধরে আঠারবাড়ী ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।



সর্বশেষ