সারাদেশ

শিক্ষার্থীদের হাতে তিন হাজার কলম তুলে দিলেন ছাত্রদল নেতা মামুন

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
news image

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলম বিতরণ করেন ঢাকা মহানগর পূর্ব আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও আঠারবাড়ী ইউনিয়নের সন্তান মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন। তার উদ্যোগে প্রথম পর্যায়ে ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব কলম দেওয়া হয়।

কলম বিতরণ করা হয় আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল, আদর্শ শিশু নিকেতন, সানরাইজ আইডিয়াল স্কুল, আঠারবাড়ী প্রি-ক্যাডেট স্কুল, উত্তরন বিদ্যানিকেতনসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ সময় মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কলমের মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করবে। তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

কলম বিতরণ শেষে তিনি আরও বলেন, আঠারবাড়ীর প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমিক হয়ে উঠতে পারে—সে লক্ষ্যেই এই শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ