ময়মনসিংহ

সদরে আধুনিকায়নকৃত ভূমি অফিস কক্ষের উদ্বোধন করলেন ডিসি

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ অপরাহ্ন
news image

সেবার মানোন্নয়ন ও নাগরিক হয়রানি কমাতে আধুনিকায়ন করা হয়েছে ময়মনসিংহ সদরের উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিদর্শন শেষে নব-আধুনিকায়নকৃত অফিস কক্ষসমূহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

এদিন জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভূমি সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।


জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী। অফিস কক্ষসমূহের আধুনিকায়নের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে ভূমি সেবা প্রদান নিশ্চিত হলে সাধারণ মানুষ দ্রুত ও ঝামেলাহীনভাবে কাঙ্ক্ষিত সেবা পাবেন।” তিনি কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। পরে তিনি উপজেলার পৌর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সর্বশেষ