সারাদেশ
বাংলা সাহিত্য ও গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোনার ঐতিহ্যবাহী ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন কবি ও কথাশিল্পী আব্দুল হাই শিকদার এবং শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম।
নেত্রকোনা সাহিত্য সমাজের ২৯তম আসরে কবিতায় বিশেষ অবদানের জন্য আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. আব্দুল্লাহ আল মাসুমকে মনোনীত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্ত বরণ উৎসব উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়াস্থ বকুলতলায় দিনব্যাপী সাহিত্য উৎসবের আয়োজন করা হবে। উৎসবের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।
কবি আব্দুল হাই শিকদার ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রথিতযশা কবি, লেখক ও গবেষক। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ১২০টির কাছাকাছি প্রকাশিত গ্রন্থের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মানবতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর সাহিত্যকর্ম বরাবরই দৃঢ় অবস্থান প্রকাশ করে।
অন্যদিকে, ড. আব্দুল্লাহ আল মাসুম ১৯৭১ সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি বাংলার মুসলমান সমাজের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর রচিত একাধিক গবেষণাগ্রন্থ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী যৌথ বিবৃতিতে আসন্ন সাহিত্য উৎসব সফল করতে লেখক, পাঠক ও সংস্কৃতিমনা সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা হায়দার জাহান চৌধুরী, শ্যামলেন্দু পাল, সহসভাপতি কবি এনামূল হক পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসাইনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ