সারাদেশ

রাতের আঁধারে তেল পাচার, হাতেনাতে ধরা—ম্যানেজারকে জরিমানা

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
news image

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে পাচারের সময় ১ হাজার ৫০ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় জনতা ও পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার শ্যামগঞ্জ–দুর্গাপুর সড়কের আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশন থেকে ময়মনসিংহে নেওয়ার পথে এসব জ্বালানি তেল আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাম্পের ম্যানেজারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি কভারভ্যান ও একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ ডিজেল গোপনে পরিবহন করা হচ্ছিল। কভারভ্যানে পাঁচটি ড্রামে প্রায় ১ হাজার লিটার এবং পিকআপে আরও ৫০ লিটার ডিজেল বহন করা হচ্ছিল। সন্দেহজনক চলাচল দেখে স্থানীয়রা গাড়ি দুটি আটক করে প্রশাসনকে খবর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫০ লিটার ডিজেলসহ কভারভ্যান ও পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।

পরে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল পাচারের দায়ে গিরিপথ ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, আটক তিনজনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জব্দকৃত ডিজেল জনস্বার্থে একটি স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গিরিপথ ফিলিং স্টেশন থেকে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অবৈধ জ্বালানি বিক্রির ঘটনা ঘটছে। এর আগেও তদারকির অভাবে ফুয়েল কার্ড ছাড়াই তেল বিক্রির অভিযোগ উঠেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান বলেন, “প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে।”

এদিকে সাম্প্রতিক সময়ে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জ্বালানি তেল পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ