ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীতে কাগজপত্রবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর অভিযান। মোটরযান আইনে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে অভিযান চালানো হয়। এসময় রেজিস্ট্রেশনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
অভিযান শুরুর পর থেকেই শহরজুড়ে মোটরসাইকেল চালকদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অনেক চালককে হঠাৎ করেই পেট্রোল পাম্প ও সড়কের পাশে অপেক্ষা করতে দেখা যায়, যেন অভিযানের মুখোমুখি না হতে হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে অস্বাভাবিক সংখ্যক মোটরসাইকেলের উপস্থিতি নজরে আসে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা জানান, “আইনের বাইরে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের এমন কঠোর অবস্থানের কারণে নগরীতে এখন একদিকে জ্বালানি সংকটের শঙ্কা, অন্যদিকে আইনি অভিযানের ভয় দুইয়ের মাঝেই চাপে পড়েছেন সাধারণ মোটরসাইকেল চালকরা।
সর্বশেষ