সারাদেশ
নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব এবং মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম রতনসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েদের সুষম খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পুষ্টি বৈষম্য দূর করতে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা, লিফলেট বিতরণ এবং জনগণের মাঝে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান। আয়োজকরা জানান, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বশেষ