ময়মনসিংহ

পুলিশ বক্সে আশ্রয় নিয়েও জীবন রক্ষা করতে পারলেন না যুবদল কর্মী: ছুরিকাঘাতে মৃত্যু

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
news image

ময়মনসিংহ জেলা নগরীতে ছিনতাই কারীদের ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৯) এক যুবদল কর্মীকে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল সারে ৩টার দিকে শহরের পাটগুদাম বীজ মোড়ে পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত রেদুয়ান জাহান রিয়াদ ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোড এলাকার মো. সইদুল হকের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের সামনে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে দৌড়ে বক্সের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আহত অবস্থায় অনেকক্ষণ বক্সের ভিতরে পড়েছিল। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্ষণে মারা যান তিনি।

নিহতের বাবা সাইদুল হক বলেন, ‘আমার ছেলেকে কেউ বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তবে, কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত।’ ঘটনাস্থলের সিসি ক‍্যামেরার ফুটেজ দেখে ছেলের খুনিদের বিচার করার দাবি জানান তিনি।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান আনন্দ পত্রিকাকে বলেন, ‘নিহত রেদুয়ান জাহান রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে যুবদলের একজন সক্রিয় কর্মী। এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ