সারাদেশ

পরিবারের স্বপ্ন পূরণে রাশিয়ায়, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ফুলবাড়িয়ার যুবকের

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১২ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
news image

সংসারের অভাব দূর করতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার যুবক আব্দুর রহিম (৩০)। কিন্তু জীবিকার সন্ধানে গিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ময়দানে। রাশিয়ার চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে গত ২ মে ইউক্রেনের একটি যুদ্ধক্ষেত্রে বুলেটবিদ্ধ হন তিনি। দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর সোমবার (১১ মে) রাতে তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছায়। এ সংবাদে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আব্দুর রহিম ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা গ্রামের আজিজুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কয়েক বছর আগে সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে যান। পরে বিভিন্ন পরিস্থিতিতে রাশিয়ার চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহিম নিয়মিত পরিবারের খোঁজখবর নিতেন এবং অর্থ পাঠিয়ে সংসার চালাতেন। কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সহযোদ্ধা ও পরিচিতজনদের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা।

নিহতের বাবা আজিজুল হক বলেন, “পরিবারের সুখের আশায় জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাই। সে সবসময় পরিবারের পাশে ছিল। এখন আমার সব শেষ হয়ে গেল। আমি অন্তত আমার সন্তানের লাশটা দেশে ফেরত চাই।”

মা রমিছা খাতুন ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলেকে ফিরিয়ে আনিয়া দাও।”

নিহতের মামা আফসার আলী বলেন, “খুব কষ্টের সংসার ছিল তাদের। পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে গিয়েছিল আমার ভাগনে। আমরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই। পাশাপাশি সরকার যেন পরিবারটির পাশে দাঁড়ায়।”

এ বিষয়ে ফুলবাড়িয়ার সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, “পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মরদেহ দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অর্থের প্রলোভনে পড়ে কেউ যেন এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সর্বশেষ