ময়মনসিংহ

ওসি শিবিরুলের নেতৃত্বে নগরীতে স্বস্তি, ছিনতাই মাদকবিরোধী অভিযানে সাফল্য

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ৩১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
news image

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান হয়েছে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলামের যোগদানের পর থেকেই। তার নেতৃত্বে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চোরদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা যায়। 

ওসি শিবিরুল ইসলাম জানান, নগরীতে ছিনতাই, মাদক ও চুরির ঘটনা রোধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “আমরা দিন-রাত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছি। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে, বলেন তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নগরীর বাসিন্দারা তপতী চৌধুরী বলছেন, আগের তুলনায় এখন রাতে চলাচল অনেকটাই নিরাপদ মনে হচ্ছে। শহরের এক ব্যবসায়ী জানান, “আগে দোকান বন্ধ করে বাসায় ফিরতে ভয় লাগতো, এখন পুলিশ টহল বাড়ায় অনেকটা নিশ্চিন্তে চলাফেরা করতে পারছি।

রিকশাচালক মতিন মিয়া বলেন, “আগে মাঝেমধ্যে ছিনতাইয়ের ভয় ছিল, এখন পুলিশ নিয়মিত টহল দেয়, তাই সাহস করে রাতে কাজ করতে পারছি।

আনন্দমোহন কলেজের শিক্ষার্থী রবিউল জানান, “মাদক বিরোধী অভিযান বাড়ায় এলাকায় অচেনা লোকজনের আনাগোনা কমেছে, এতে আমরা স্বস্তি পাচ্ছি।

স্থানীয়দের মতে, পুলিশের এমন ধারাবাহিক অভিযান ও তৎপরতা অব্যাহত থাকলে ময়মনসিংহ নগরীতে অপরাধ আরও কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

পুলিশের এমন সক্রিয় ভূমিকার ফলে নগরীতে অপরাধ প্রবণতা কমেছে বলে মনে করছেন আবদুল হক। তিনি আশা করছেন, এই ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ নগরী আরও নিরাপদ হয়ে উঠবে।

সর্বশেষ