ময়মনসিংহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বোররাক ইউনিয়নের চর রাঘবপুর গ্রামে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে মারামারি শুরু হয়।
আহত বিএনপির কর্মীরা হলেন জালাল উদ্দীন ও এনামুল হাসান। অপরদিকে জামায়াতে ইসলামীর কর্মীরা হলেন সজীব, দেলোয়ার ও আশিক। সংঘর্ষের সময় তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে আশিকের মা হাসিনা বেগমও আহত হন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন আহত বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী কামরুল আহসান এমরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপির কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন এবং ঘটনার নিন্দা জানান।
অন্যদিকে বিএনপির কোতোয়ালি থানা শাখার সদস্য সচিব বুলবুল বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ