সারাদেশ
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং কারিতাসসহ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম। শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন। এ ছাড়া বক্তব্য রাখেন রাজুরবাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে. এম. জামী এবং সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
দিবসটি উপলক্ষে ৫টি হুইলচেয়ার, ২টি ট্রাইসাইকেল, ২টি স্মার্ট সাদা ছড়ি, ১টি কর্ণার চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় সফল প্রতিবন্ধী ব্যক্তি পাইয়িম মিয়া এবং প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা লেখক–গবেষক মো. গোলাম মোস্তফাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা কোনোভাবেই সমাজের বোঝা নয়; বরং অধিক ভালোবাসা, যত্ন ও সঠিক শিক্ষার মাধ্যমে তাদেরকে কর্মক্ষম ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সর্বশেষ