সারাদেশ
নেত্রকোনার সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অবস্থিত ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির গুদামে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে সংরক্ষিত আনুমানিক ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে এসব জ্বালানি তেল সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানের এক প্রতিনিধিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ