সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচনমুখী ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে নেত্রকোনায় মতবিনিময় সভা ও উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
সভায় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম, শিক্ষক সমাজ, সুশীল সমাজ এবং সর্বস্তরের ভোটারদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। বিশেষ করে নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তে জনমত প্রতিফলনের সুযোগ সৃষ্টি হয়, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সুসংহত করে।
মতবিনিময় সভা শেষে জেলা তথ্য অফিস, নেত্রকোনার উদ্যোগে সদর উপজেলার বালুয়াকান্দা ও কাইলাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে স্থানীয় জনগণকে গণভোটের ধারণা, ভোট প্রদানের গুরুত্ব এবং রাষ্ট্র ও সমাজ গঠনে ভোটারের ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক প্রচারণার মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধ করা গেলে গণভোট ও জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেত্রকোনায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ