আইন-আদালত

নেত্রকোনায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ২৩ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
news image

নেত্রকোনার মদন উপজেলার ফেকনি গ্রামের সামনের হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৩ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মদন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দিদারুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে থাকতেন। চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করলেও প্রায় পাঁচ মাস ধরে মানসিক সমস্যা বাড়তে থাকে। শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

রোববার সকালে স্থানীয়রা হাওরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন বলেন, “দিদারুল অনেক দিন ধরেই মানসিক ভারসাম্য হারিয়েছিল। কোথায় যায়, কী করে—সবই অনিয়মিত ছিল। তবে কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বক্তব্য এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ