সারাদেশ

নেত্রকোনায় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

রানা খান, স্টাফ রিপোর্টার নেত্রকোনা। ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
news image

মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে নেত্রকোণায় আয়োজন করা হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট। রবিবার(৪ জানুয়ারি) দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় নেত্রকোণার কালেক্টরেট মাঠে।

টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত একাধিক ভলিবল দল অংশগ্রহণ করে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলার পাশাপাশি মাদকবিরোধী নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে দর্শক ও খেলোয়াড়দের মাঝে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  কিবরিয়া চৌধুরী হেলিম ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলন ও সচেতনতার মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যায়। এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন নিয়মিত হলে যুবসমাজ সুস্থ বিনোদনের পথ খুঁজে পাবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হবে।

টুর্নামেন্ট শেষে ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ