সারাদেশ
নেত্রকোণার মদন উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটে আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ১০টায় হঠাৎ করে মার্কেটের একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি হয়। কয়েক মিনিটের মধ্যেই আগুন মার্কেটের বড় অংশ গ্রাস করে ফেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক আবহাওয়া ও দোকানগুলোতে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ ও মনোহরী সামগ্রীর দোকানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা চোখের সামনে নিজেদের দোকান ভস্মীভূত হতে দেখে কান্নায় ভেঙে পড়েন। মার্কেটজুড়ে ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রঞ্জিত সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন,ঋণ করে দোকানে মাল তুলেছিলাম। সব পুড়ে শেষ। এখন পরিবার নিয়ে রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই।”
এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজ ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং ঘটনার সার্বিক তদন্তের দাবি জানিয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামছুল আলম শাহ বলেন,“আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
সর্বশেষ