সারাদেশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ হতদরিদ্র, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশে বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের নেতৃত্বে অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে শাড়ী বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির তত্ত্বাবধানে মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় শাড়ী ও থ্রি-পিস বিতরণ করা হয়।
উপকারভোগীদের মধ্যে ছিলেন ভিক্ষুক, চরভেলামারী আশ্রয়ণ প্রকল্প, ভাটি পাঁচানি গুচ্ছ গ্রাম, খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মেরাকোনা আশ্রয়ণ প্রকল্প এবং মুশুল্লির ত্রিমোহনী গুচ্ছ গ্রামের বাসিন্দারা। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে রুমাল এবং প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
চন্ডিপাশা ইউনিয়নের ভিক্ষুক সোলেমা খাতুন বলেন, “এই প্রথম শাড়ী ও নগদ টাকা পেলাম। ঈদে নতুন শাড়ী আর সেমাই-চিনির ব্যবস্থা হলো। আল্লাহ আমাদের প্রতিমন্ত্রীকে ভালো রাখুন।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল বলেন, “আমার ৪৭ বছরের সাংবাদিকতায় নান্দাইলে এভাবে স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণের জন্য কমিটি গঠন করতে দেখিনি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে শাড়ী, থ্রি-পিস ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, “প্রতিমন্ত্রীর নির্দেশক্রমে স্বচ্ছতার ভিত্তিতে গরিব, অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, নারী ফুটবলার এবং গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।”
সর্বশেষ