ময়মনসিংহ
ময়মনসিংহের চরপাড়া কপিক্ষেত এলাকায় ফয়সাল আহম্মেদ রিগ্যান হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
গত ২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে চরপাড়া কপিক্ষেত এলাকার আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সামনে কাঁচা রাস্তার পাশে ফয়সাল আহম্মেদ রিগ্যান (৩০)–এর ওপর দেশীয় অস্ত্র—রামদা, দা, চাপাতি, কুড়াল, লোহার রড ও লাঠিসোটা দিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পরদিন ভিকটিমের স্ত্রী মোছাঃ ইতি আক্তার কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-১১, তারিখ-০৩/১২/২০২৫) দায়ের করেন। মামলায় পেনাল কোড ১৮৬০-এর বিভিন্ন ধারা—প্রয়োগ করা হয়েছে।
মামলার পরপরই পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধান ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
পরবর্তীতে ৬ ডিসেম্বর গভীর রাতে ময়মনসিংহের ভালুকা থানার বরাইদ এলাকা থেকে এজাহারনামীয় ১নং আসামী মোঃ হামিদুর রহমান রিজবী (৩২) এবং ৯নং আসামী কায়েস আহম্মেদ দিগন্ত (২০)–কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অবশেষে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে বিশেষ কৌশলে এজাহারনামীয় ২নং আসামী মোঃ সেলিম মিয়া (৩৪)–কে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির এই দ্রুত ও সফল অভিযান জনমনে স্বস্তি ও আস্থা বৃদ্ধি করেছে।
সর্বশেষ