সারাদেশ

ময়মনসিংহে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি, বরখাস্ত ডেপুটি জেলার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৯ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে কারা কর্তৃপক্ষের দায়িত্ব পালনের স্বচ্ছতা ও প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারাগারের ভেতরে-বাইরে এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টির সত্যতা নিশ্চিত হয়।

ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কারাগারের একজন কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি একটি ‘ভুলমুক্তি’। বিষয়টি পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “ওই তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা হিসেবে বিবেচনা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিআইজি প্রিজন্স আরও বলেন, “জাকারিয়া ইমতিয়াজ আমাদের জানিয়েছেন, অসতর্কতা ও ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত কমিটি সঠিক কারণ উদঘাটন করবে। ঘটনায় যেসব কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন গুরুতর অপরাধের মামলার আসামিদের ‘ভুলমুক্তি’ কারা ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটির ইঙ্গিত দেয়, যা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার মাধ্যমে সমাধান করা জরুরি।

সর্বশেষ