সারাদেশ

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২০ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
news image

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নগরীর টাউনহল হল এলাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আগুন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ও দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ময়মনসিংহে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। পাশাপাশি ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বহুতল ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে রয়েছে কিনা তা গুরুত্বসহকারে যাচাই করে সনদ প্রদানের ওপর জোর দেন তিনি।

ময়মনসিংহ বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জানে আলম বলেন, অগ্নিনির্বাপণ, উদ্ধার ও দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা সবসময় সম্মুখসারিতে থেকে দায়িত্ব পালন করে আসছেন। তবে অনেক ক্ষেত্রে সরু রাস্তা ও সড়কের বেহাল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এছাড়া এখনো বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

এদিকে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি ও বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ