ময়মনসিংহ

ময়মনসিংহে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নাজিম বহিষ্কার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহে দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতা বা নেতৃবৃন্দের ভবিষ্যতে সংঘটিত কোনো ধরনের অপকর্ম কিংবা অনৈতিক কার্যকলাপের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত নাজিম উদ্দিন নাজিমের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যুবদল নেতৃত্ব মনে করছে, দলের আদর্শ ও নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না এবং ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে উল্লেখ করা হয়, মিনহাজুল ইসলাম ভূইয়া (মিয়েলি), সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

 

সর্বশেষ