ময়মনসিংহ

ময়মনসিংহ প্রেসক্লাবের সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক কাইয়ুম

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
news image

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬-এ সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে পরাজিত করে তিনি এই পদে নির্বাচিত হন।

শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে গণনা করা ভোটে মো. আব্দুল কাইয়ুম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

এবারের নির্বাচনে মোট ১৬টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৫টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহসভাপতি হলেন অধ্যাপক মো. আবুল কাশেম ও মো. নওয়াব আলী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শরিফুজ্জামান টিটু এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সালেহ মো. মুসা।

অন্যান্য সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এএসএম হোসাইন শাহীদ এবং নাট্য ও প্রমোদ সম্পাদক আদিলুজ্জামান আদিল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মো. শাহজাহান ও নিয়ামুল কবীর সজল।

পদাধিকারবলে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, প্রেসক্লাবের ঐতিহ্য সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ