ময়মনসিংহ
দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৮ জন শিশু।
বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৮১ জন শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
তবে উদ্বেগজনক বিষয় হলো, একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ শিশুর মৃত্যু হয়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে শিশুদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ