আইন-আদালত

মোহনগঞ্জে ইয়াবার বড় চালানসহ যুবক গ্রেপ্তার

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
news image

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৭টার দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরস্থ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ টু ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের চৌকস একটি দল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে আটক করা হয়। 

নেত্রকেনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় আটক সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ