সারাদেশ

মোহনগঞ্জে প্রতিবেশীর বিছানায় মিলল শিশুর গলাকাটা লাশ

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় অঙ্কিত বর্মন নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে। ৩০ মার্চ সোমবার বিকাল আড়াইটার দিকে উপজেলার ৭নং ইউনিয়নের বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। অঙ্কিত বর্মন বরান্তর গ্রামের সাগর বর্মনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাগর বর্মন পরিবারসহ ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদী বিশুকা রানি বর্মনও ঢাকায় ছেলের বাসায় থাকেন। সেখানে তিনি নাতীকে দেখাশোনা করেন। গত মঙ্গলবার দুপুরে দাদীর সাথে অঙ্কিত বর্মণ গ্রামের বাড়ি বরান্তর গ্রামে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অঙ্কিত। পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে চলে যান। এদিকে দাদীও পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে অঙ্কিত বর্মনকে খুঁজতে থাকেন তার দাদী। এক পর্যায়ে পাশের বাড়ির একটি ঘরের ভেতর বিছানায় গালাকাটা অবস্থায় অঙ্কিতকে দেখতে পান তিনি। দ্রুত উদ্ধার করে বরান্তর বাজারে চিকিৎসার জন্যে নিয়ে যান। খবর পেয়ে চাচা সোহাগ বর্মন গিয়ে অংঙ্কিতকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক অঙ্কিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে নিহত অঙ্কিতের চাচা সোহাগ বর্মন বলেন, "এই ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। আমরা বাড়ির আশপাশে কাজ করছিলাম। আর মা অঙ্কিতকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে অঙ্কিতকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরে গলাকাটা অবস্থায় অংঙ্কিতকে পাওয়া যায়। খবর পেয়ে তাকে নিয়ে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।"স

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অঙ্কিতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। তদন্ত করে দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

সর্বশেষ