সারাদেশ

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে নতুন নেতৃত্ব

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
news image

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ এপ্রিল ২০২৬) রবিবার দুপুর ১টায় পৌরশহরের শহীদ মিনার সংলগ্ন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাজিয়াহাটি-পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলম খান বিপ্লবকে সভাপতি এবং গাগলাজুর ইউনিয়নের বানিয়াহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. ফ. ম. আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যা আগামী তিন বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলায় বর্তমানে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষক কর্মরত রয়েছেন। নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের একাধিকবার সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উপজেলা শিক্ষা বিষয়ক এডহক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন, এ কমিটির মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

নবনির্বাচিত সভাপতি মো. শাহজাহান আলম খান বিপ্লব বলেন,“শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবো। এটি একটি অরাজনৈতিক সংগঠন—দলীয় প্রভাবমুক্ত থেকে সকল শিক্ষকের জন্য একটি আদর্শ সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

এছাড়াও সম্মেলনে শিক্ষকরা শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ