সারাদেশ

মোহনগঞ্জে ওসির কড়া বার্তা: “অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী”

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
news image

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোরদার করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। এ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে মতবিনিময় সভা করছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় উপজেলার ৭ নম্বর গাগলাজুর ইউনিয়নের বরান্তর বাজারে এক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মো. হাফিজুল ইসলাম হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তানিম আদনান খান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ, মো. সেলিম, হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “মাদকই অধিকাংশ অপরাধের মূল উৎস। মাদকসেবীরা টাকার জোগান দিতে গিয়ে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি ইভটিজিং থেকে শুরু করে খুন-ধর্ষণের মতো জঘন্য অপরাধেও তারা জড়িত হচ্ছে।”

তিনি আরও বলেন, “একজন মাদকসেবী কিংবা অপরাধী সে যে-ই হোক, তার পরিচয় একটাই—সে একজন অপরাধী। কোনো দলীয় বা রাজনৈতিক পরিচয়ে তাকে আড়াল করা যাবে না। আপনারা আমাকে অপরাধীদের বিরুদ্ধে কাজ করার স্বাধীনতা দিন, তাদের জন্য কোনো ধরনের সুপারিশ করবেন না। তাহলেই আমরা মোহনগঞ্জকে মাদকমুক্ত করতে পারবো, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগেই কেবল একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ