আজকের খবর
নেত্রকোনার মোহনগঞ্জ থানার সার্বিক কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি মোহনগঞ্জ থানায় উপস্থিত হয়ে থানা পুলিশের দাপ্তরিক ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। পরে ওসি’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি থানা ব্যবস্থাপনা ও সেবার মান সন্তোষজনক বলে মন্তব্য করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় মোহনগঞ্জ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ