সারাদেশ
নেত্রকোণা জেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহান মে দিবস শুধু শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসই নয়, এটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মস্থলের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাফিকুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, আঞ্চলিক শ্রম দপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মুহাম্মদ রকিবুল হাসান এবং শ্রম কর্মকর্তা আব্দুল খালেক শিকদার।
এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা সড়ক বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল জলিল এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
সভায় দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং শ্রমজীবী মানুষের অধিকার বিষয়ক বিশেষ প্রচার।
আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ