ময়মনসিংহ

মাদকবিরোধী প্রতিবেদন প্রকাশে ফুলপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে  প্রতিবেদন প্রকাশের জেরে সাপ্তাহিক ‘ফুলতারা’ পত্রিকার সাংবাদিক শাফায়েত উল্লাহ শান্ত প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল নামে এক চিহ্নিত মাদক কারবারিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিস্তার, কারবারিদের নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক শান্ত। প্রতিবেদনে উঠে আসে মাদকের রুট, কারবারিদের সক্রিয়তা এবং তাদের প্রভাব বিস্তারের চিত্র।

অভিযোগ রয়েছে, প্রতিবেদন প্রকাশের এর পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোহেল ও তার সহযোগীরা প্রকাশ্যে সাংবাদিক শান্তকে গালিগালাজ করে এবং ভবিষ্যতে মাদক সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, ভয়ভীতি প্রদর্শনের ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে তাকে অনুসরণ ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল বলেও জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক শাফায়েত উল্লাহ শান্ত জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করে সত্য তুলে ধরেছি। কিন্তু এরপর থেকেই আমাকে লক্ষ্য করে একের পর এক হুমকি আসছে। সর্বশেষ থানায় সাধারণ ডায়েরি করতে যাওয়ার পথে বালিয়া পশ্চিম বাজার এলাকায় আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

তিনি আরও বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

এ ঘটনায় ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সত্য প্রকাশ করায় সাংবাদিকদের এভাবে হুমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,মা দকবিরোধী লড়াইয়ে মাঠপর্যায়ের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজ থেকে মাদক নির্মূলের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সর্বশেষ