ময়মনসিংহ

কর্তব্যরত পুলিশের ওপর নৃশংস হামলা, গুরুতর আহত কনস্টেবল

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
news image

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম ইজাউল হক ভূঁইয়া (৪৩)। তিনি হালুয়াঘাট থানায় কর্মরত।


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নলুয়া এলাকার মো. রুহুল আমিন (৫০) ও তাঁর ছেলে লিওন মিয়া (২৮)।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি আনন্দ পত্রিকাকে নিশ্চিত করেন।

পুলিশ বলছে, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর শহরের পাগলপাড়া ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে হালুয়াঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নওয়াব আলীর নেতৃত্বে দুইজন কনস্টেবল পৌর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল নিয়ে লিওন মিয়া ওই চেকপোস্ট অতিক্রম করতে চাইলে পুলিশ তাঁকে থামার সংকেত দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লিওন পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


পরবর্তীতে পাগলপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে বাবার প্ররোচনায় লিওন কনস্টেবল মো. ইজাউল হক ভূঁইয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ ওঠে। আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে বাবা–ছেলেকে আটক করা হয়। এরপর রুহুল আমিন (৫০)কে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়ছে এবং ছেলের নিওন মিয়ার বিরুদ্ধে পুলিশ সদস্যের ওপর হামলা, কর্তব্য কাজে বাধাদানে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।




সর্বশেষ