সারাদেশ
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, কৃষকরা যত পরিমাণ ধান সরবরাহ করতে পারবেন, সরকার তত পরিমাণ ধানই সংগ্রহ করবে—এ ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা রাখা হয়নি।
রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, নির্ধারিত মূল্যে কৃষকরা যেন ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করা হবে। ‘ময়েশ্চার’ বা আর্দ্রতার অজুহাতে কোনো কৃষককে বঞ্চিত করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি জানান, হাওরাঞ্চলে আগাম বন্যার কারণে কৃষকদের স্বার্থ বিবেচনায় এ বছর ধান-চাল সংগ্রহ অভিযান আগেভাগেই শুরু করা হয়েছে, যাতে তারা ন্যায্যমূল্য পান। একই সঙ্গে সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক ও মাসুম মোস্তফা, পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা খাদ্য বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে নেত্রকোনায় সরকারিভাবে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলার মোট ১৩টি খাদ্যগুদামের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
সর্বশেষ