সারাদেশ
দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে নেত্রকোনার খালিয়াজুরীতে এক কৃষকের ধান কেটে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে ছাত্রলীগের কিছু কর্মী। অতিবৃষ্টি ও উজানের ঢলে হাওরাঞ্চলের বিস্তীর্ণ বোরো জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে শ্রমিক সংকটে ক্ষতিগ্রস্ত এক কৃষকের পাশে দাঁড়িয়ে তার জমির ধান কেটে দেওয়ার দাবি করেছেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের অদূরে রোয়াইল বিল এলাকায় এক কৃষকের প্রায় ৭০ শতাংশ জমির বোরো ধান পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শেখ সোহান বাবুর নেতৃত্বে প্রায় ২২-২৩ জনের একটি দল ধান কেটে দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সংগঠনের লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত অবস্থায় পানিতে নেমে ধান কাটছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের কেউ কেউ বলেন, দুর্যোগের সময় কৃষকের পাশে দাঁড়ানো একটি ইতিবাচক উদ্যোগ। তবে অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে এমন কার্যক্রম এবং ভিডিওতে দেওয়া কিছু বক্তব্য নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
ভিডিওতে শোনা বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দুর্যোগকবলিত কৃষকদের সহায়তায় প্রশাসনসহ সকল মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সর্বশেষ