ময়মনসিংহ

খাল পরিদর্শনে কঠোর সুর সিটি প্রশাসকের, জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগের নির্দেশ

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৯ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
news image

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পরিদর্শনে গিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবনিযুক্ত সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর আকুয়া, মাকরজানি, বাইপাস ও চরপাড়া এলাকার খালগুলো ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, অবৈধ দখল এবং পানিপ্রবাহে প্রতিবন্ধকতা দেখে অসন্তোষ প্রকাশ করেন সিটি প্রশাসক। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে খাল পরিষ্কার, দখলমুক্তকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।

এ সময় সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খালগুলোকে পরিকল্পিতভাবে সংস্কার করা হবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “খালগুলো সচল রাখতে নগরবাসীর সচেতনতা অত্যন্ত জরুরি। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

খালগুলোর বর্তমান বেহাল অবস্থায় ক্ষোভ ও দুর্ভোগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আকুয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “প্রতিবছর বর্ষা এলেই ঘরে পানি ঢুকে যায়। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামার পথ থাকে না।”

মাকরজানি এলাকার গৃহিণী রহিমা বেগম বলেন, “খালের পাশে বসবাস এখন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্গন্ধ ও মশার উপদ্রবে জীবন অতিষ্ঠ।”

চরপাড়া এলাকার এক ব্যবসায়ী বলেন, “খালগুলো নিয়মিত খনন ও পরিষ্কার রাখা হলে এমন জলাবদ্ধতা তৈরি হতো না। শুধু পরিদর্শন নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।”

বাইপাস এলাকার এক শিক্ষার্থী জানায়, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। “খালগুলো সচল থাকলে এমন ভোগান্তি পোহাতে হতো না,” বলে সে।

নগরবাসীর দাবি, খালগুলো নিয়মিত পরিষ্কার, দখলমুক্ত রাখা এবং কঠোর নজরদারির মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করা গেলে ময়মনসিংহ শহরের জলাবদ্ধতা সমস্যা অনেকটাই কমে আসবে।

নগরীর বাসিন্দা আনারুল হক আশা প্রকাশ করে বলেন, দ্রুত খাল পরিষ্কার ও সংস্কার কার্যক্রম শুরু হলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

সর্বশেষ