ময়মনসিংহ

খাগডহরে পুলিশের অভিযান: বস্তাবন্দি ২ মন গাঁজা উদ্ধার

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০৬ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
news image

ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় বিশেষ অভিযানে প্রায় দুই মণ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি চৌকস দল নগরীর খাগডহর এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তিনি জানান, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন নির্জন ও পরিত্যক্ত স্থানে মাদক মজুদ করে রাখে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ