সারাদেশ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুত ও লাইসেন্সবিহীন বিক্রির বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে খোলা বাজারে লাইসেন্স ছাড়াই অতিরিক্ত মূল্যে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সরেজমিনে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ৬টি ড্রামে (৩টি পূর্ণ ও ৩টি আংশিক খালি) সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানা যায়।
জেলা প্রশাসন, নেত্রকোণা জানিয়েছে, জননিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
সর্বশেষ