সারাদেশ

কেন্দ্র দখলের চেষ্টা করলে ভাই–বোনও ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
news image
সিসিটিভি, বডি ক্যামেরা ও ড্রোনে নজরদারি কারচুপির সুযোগ নেই বলে ঘোষণা


ভোট চলাকালে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে সে আত্মীয় হোক কিংবা আপনজন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না গেলেও পরে সিসিটিভি ফুটেজ দেখে হলেও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ময়মনসিংহে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার কোথাও যেন কেন্দ্র দখল না হয়, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। পুলিশকে দেওয়া হচ্ছে ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা। প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে এবং সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে।


তিনি আরও বলেন, “কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তিন দিন পরে হোক, চার দিন পরে হোক, এমনকি জামিনে বের হয়েও—শেষ পর্যন্ত তাকে ধরা হবে। কারও ছবি মুছে যাবে না, সবই রেকর্ডে থাকবে।

শেরপুরসহ নির্বাচনকালীন সহিংসতার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বসহকারে কাজ করছে বলেছেন। যদিও তিনি সরাসরি “কেন এখনো গ্রেফতার হয়নি” বা গ্রেফতার না হওয়ার কারণ কী তা ব্যাখ্যা করেননি, তিনি জানিয়েছেন গ্রেফতারের অভিযান অব্যাহত আছে এবং যারা দোষী, তাদের আইনের আওতায় আনা হবে।

অস্ত্র পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন অবৈধ অস্ত্র নেই বললেই চলে। বাহিনীর কাছে বৈধ অস্ত্র রয়েছে। থানাগুলো থেকে লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব বিষয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

ভোটের ফলাফল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন ফলাফল পাওয়া অত্যন্ত সহজ। প্রত্যেক কেন্দ্রে প্রার্থীর এজেন্ট থাকবে। ভোট গণনার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনে ফলাফল প্রার্থীকে জানানো হবে। সরকারিভাবে ঘোষণার আগেই সবাই ফল জেনে যাবে। এবার কারচুপির কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মিজ মিজ ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি, সেনাবাহিনী-বিজিবি ও র‍্যাবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ