সারাদেশ

জনস্বাস্থ্য সুরক্ষায় ঈশ্বরগঞ্জে বেওয়ারিশ কুকুরদের র‍্যাবিস ভ্যাকসিন প্রদান

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
news image

জনস্বাস্থ্য সুরক্ষা ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরদের র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে। জনবহুল এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে অবস্থানরত বেওয়ারিশ কুকুরগুলোকে শনাক্ত করে পরিকল্পিতভাবে ভ্যাকসিন প্রদান করা হয়। এতে করে কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।

কর্মসূচি চলাকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ভ্যাকসিন প্রদানকারী টিম উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ও ভূমি কর্মকর্তা সালাউদ্দিন বিশ্বাস বলেন, “ঈশ্বরগঞ্জ পৌর শহর একটি জনবহুল এলাকা। এখানে বেওয়ারিশ কুকুরের সংখ্যাও তুলনামূলক বেশি। কুকুরের কামড়ে যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জলাতঙ্ক রোগের ঝুঁকি কমবে এবং পৌরবাসী আরও নিরাপদ থাকবে।”

সচেতন মহল ঈশ্বরগঞ্জ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ কর্মসূচি অব্যাহত থাকলে পৌর এলাকায় জলাতঙ্ক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

সর্বশেষ