সারাদেশ

জমি বিরোধে সংঘর্ষ: মসজিদ ভাঙচুর, আহত অন্তত ১০

সুমন মাহমুদ শেখ | মোহনগঞ্জ প্রতিনিধি ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
news image

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একটি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল লতিফের ছেলে শাহ আলম চৌধুরী এবং মৃত আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২০ মার্চ উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় রবিবার সকালে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে রফিকুল ইসলামের লোকজন স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন মসজিদে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—মিস্টার আলী, লিটন মিয়া, রফিকুল ইসলাম, ফজলু মিয়া, টিপু মিয়া ও ভুট্টু মিয়া। আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্যদের মদন ও মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ