সারাদেশ
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাউসা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাচ্চু মিয়াকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং এডহক কমিটির সভাপতি মো. সাইদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে দৌড়, দীর্ঘলম্ফ, উচ্চলম্ফ, ক্রিকেট বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের দীর্ঘদিনের অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষক মো. বাচ্চু মিয়াকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। ফুল, সম্মাননা স্মারক ও বিদায়ী শুভেচ্ছার মাধ্যমে তাঁকে সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়। এই বিদায়ী মুহূর্তটি শিক্ষার্থীদের জন্য ছিল আবেগঘন ও বেদনাবিধুর, আর সহকর্মী শিক্ষকদের জন্য ছিল স্মৃতিময় ও হৃদয়স্পর্শী সময়।
বিদায়ী বক্তব্যে মো. বাচ্চু মিয়া বলেন, এই বিদ্যালয় এবং এর শিক্ষার্থীরা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
বক্তারা বলেন, মো. বাচ্চু মিয়া তাঁর কর্মজীবনে নিষ্ঠা, সততা ও আদর্শ শিক্ষক হিসেবে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তাঁর অবদান বিদ্যালয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসব ও আবেগের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
সর্বশেষ