ময়মনসিংহ

ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে প্রশাসন, সেবার মানোন্নয়নে নানা নির্দেশনা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ২৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
news image

সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া, সেবার মান বৃদ্ধি এবং ভূমি অফিসের কার্যক্রম তদারকির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি পরিদর্শনে আসেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন এবং ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। এ সময় তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবাগ্রহীতাদের উপস্থিতি, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি কার্যক্রম এবং বিভিন্ন রেকর্ড সংরক্ষণের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভূমি অফিসে আগত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সেবা গ্রহণে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন বলেন,সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনগণবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ইউনিয়ন ভূমি অফিসগুলো হচ্ছে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত সেবার প্রথম ধাপ। তাই এখানে সেবাগ্রহীতারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবা কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে। জনগণের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন,“ভূমি অফিসে আগত প্রত্যেক সেবাগ্রহীতাকে যথাযথ সম্মান ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ সকল সেবা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার ক্ষেত্রে জনগণ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

পরিদর্শনের সময় উপস্থিত স্থানীয় সেবাগ্রহীতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের মধ্যে গফুর মিয়া বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের ফলে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে সেবা পাবেন।

স্থানীয় বাসিন্দা আবদুল হাকিম আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জনগণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

পরিদর্শন শেষে কর্মকর্তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে হয়রানিমুক্ত, দ্রুত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নায়েব লুৎফর রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।



সর্বশেষ