সারাদেশ
গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। এ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
শনিবার (২৭ জুন) আঠারবাড়ী ইউনিয়নের সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকায় অবস্থানরত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ী’-এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি ও খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়ার (মামুন) সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা ক্যাম্পে গাইনি, মা ও শিশু, মেডিসিন এবং চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ এমবিবিএস চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড গ্রুপ কার্ড বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
তারা আরও জানান, সমাজসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ উদ্যোগ বাস্তবায়নে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহ হিল মাজেদ বাবুর অনুপ্রেরণা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন আয়োজকরা।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামীণ এলাকায় এমন বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
সর্বশেষ