ময়মনসিংহ
গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা কালিবাড়ি বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাই মদের একটি অবৈধ কারখানা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও চোলাই ওয়াশ জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় মিনা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে চোলাই মদ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে—এমন তথ্য গোয়েন্দা সংস্থার নজরে আসে। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই ও নজরদারির পর তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে দেখা যায়, থানা কালিবাড়ি বাজারসংলগ্ন এলাকায় একটি গোপন স্থানে চোলাই মদ প্রস্তুতের কারখানা স্থাপন করা হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ চোলাই ওয়াশ, প্রস্তুতকৃত মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকৃত সব মাদক দ্রব্য বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার তথ্য ও সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন।
আটক মিনা (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে অবৈধ কারখানা উচ্ছেদে কোনো ছাড় দেওয়া হবে না।
সর্বশেষ