সারাদেশ

এনএসআই’র তথ্যে ঈশ্বরগঞ্জে অবৈধ ওষুধ কারখানা সিলগালা

মাহমুদুল্লাহ রিয়াদ, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ | ১১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
news image

বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে গড়ে ওঠা অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সিরাপ, ওষুধ তৈরির উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) তারিখ বিকেলে উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আনন্দ পত্রিকাকে বলেন, “গোপনে এমন অবৈধ কারখানা পরিচালনা খুবই উদ্বেগজনক।মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যৌন উত্তেজক সিরাপ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের এমন অভিযান নিয়মিত হওয়া দরকার।

এলাকাবাসী রফিকুল ইসলাম আনন্দ পত্রিকাকে বলেন, “আমরা জানতাম এখানে গার্মেন্টসের কাজ হবে। কিন্তু ভিতরে অবৈধভাবে ওষুধ তৈরি হচ্ছিল, এটা কেউ বুঝতে পারিনি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চরআলগী গ্রামের আব্দুর রহমানের ছেলে মোখলেছুর রহমান একটি গার্মেন্টস কারখানার ভিতরে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ ও ওষুধ তৈরির কারখানা গড়ে তোলেন। যদিও কারখানাটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বলে জানা গেছে।

অভিযানকালে কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ যৌন উত্তেজক সিরাপ, ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম এবং ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান আনন্দ পত্রিকাকে বলেন, গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করে মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের। 


সর্বশেষ