সারাদেশ

ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-হিরোইনসহ গ্রেফতার ৩, মোটরসাইকেল জব্দ

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ১৭ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুড়িয়া হিরোইনসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার (১৭ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাছির উদ্দিনকে (২৬) ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের (৪২) কাছ থেকে ১৯ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ্ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ