সারাদেশ
শৈশবে অর্জিত অভ্যাসই ভবিষ্যৎ জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে—এই বিশ্বাস থেকে শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করে তুলতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম ধাপে উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, “সুস্থ মন গঠনের জন্য সুস্থ দেহ প্রয়োজন। আর শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এই ডাস্টবিন বিতরণ উদ্যোগ প্রশংসনীয়।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিদ্যালয়ে ডাস্টবিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সহায়তা করে, জীবাণুর বিস্তার রোধ করে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করে। পাশাপাশি শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রেখে একটি স্বাস্থ্যকর ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে ডাস্টবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সর্বশেষ