সারাদেশ

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
news image

মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ঈশ্বরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আশরাফুল আলম আকাশ (২৮), পিতা: মো. আবুল কাশেম এবং নয়ন মিয়া (৪০), পিতা: মৃত চানফর আলী। তারা উপজেলার রহমতগঞ্জ দত্তপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, আশরাফুল আলম আকাশ তার নিজ বাড়িতে একটি কক্ষ সাজিয়ে দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা সেবন, মজুত ও বিক্রির কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার রাত প্রায় ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

অভিযানে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার রাশেদ মোশারফ, এসআই জালাল, সামিউল, ওয়াজেদ আলী, এএসআই শাহ আলম, বিজয় কুমার দাস, নিলু চন্দ্র দাসসহ অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মাদক সেবন ও মজুতের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দুই আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ