ময়মনসিংহ
তীব্র শীতের দাপটে যখন নিম্নআয়ের মানুষের রাত কাটছে কষ্টে, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ৯৭ বন্ধুমহল। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংগঠনটির উদ্যোগে টোকেনের মাধ্যমে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ৯৭ বন্ধুমহল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা পুকুরপাড় সংলগ্ন ৯৭ বন্ধুমহল অফিস প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় টোকেন দেখিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষ, এতিম শিশু, দরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ আশপাশের এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল পেয়ে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, ‘যে ঠান্ডা পড়ছে, এই কম্বল পাইয়া খুব উপকার হইছে। এই শীতে যারা আমাদের মতো এত মানুষরে বিনামূল্যে কম্বল দিছে, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’
কম্বল বিতরণ কার্যক্রমকে একটি মানবিক ও মহতী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ৯৭ বন্ধুমহলের সদস্যরা জানান, ‘মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা এভাবেই মানবতার পাশে থাকতে চাই।
সর্বশেষ